চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান আমজাদ হত্যা মামলায় ১০ জনের ফাঁসি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:০২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আমজাদ হোসেনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রায়ে ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক গতকাল রবিবার এই রায় ঘোষণা করেন। একই রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নেজাম উদ্দিন ও সাতকানিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ রয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। বাদীর আইনজীবী অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—নেজাম উদ্দিন, জাহেদ, আবু মো. রাশেদ, মানিক, জিল্লুর রহমান, মো. রফিক, ফারুক আহমেদ, জসিম উদ্দিন, বশির আহমদ ও তারেক। এদের মধ্যে বশির আহমদ ও তারেক পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ইদ্রিস (পিতা ইব্রাহিম), হারুন, মো. আইয়ুব, মোরশেদ আলম ও ইদ্রিস (পিতা সাহেব মিয়া)। এদের মধ্যে শেষ তিন জন পলাতক। তাহের, শায়ের, মোস্তাক আহমেদ ও আবদুল মালেক বেকসুর খালাস পেয়েছেন। মামলার এজাহারে উল্লেখিত এক নম্বর আসামি লুত্ফুর রহমান চৌধুরী মারা গেলে মামলা থেকে তার নাম বাদ পড়ে। রায় ঘোষণার আগে উভয় পক্ষের অনুসারীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে পালটাপালটি স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত সোয়া ১২টার দিকে সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরিফ সংলগ্ন একটি চায়ের দোকানে আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন তার স্ত্রী সৈয়দা রওশন আকতার বাদী হয়ে ২০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।