সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন খারিজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২৩:০৩

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলাটি অবৈধ দাবি করে তার কার্যক্রম বাতিল চেয়ে প্রধান আসামি পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর দায়ের করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে আবেদনটির গ্রহণযোগ্যতা না থাকায় তা খারিজ করে দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

গতকাল রবিবার দুপুর ২টার দিকে এই বাতিল আদেশ দেন জেলা ও দায়রা জজ। এর আগে সকালে এই হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়। এর কয়েক ঘণ্টা পর সিনহা হত্যা মামলা অবৈধ ঘোষণার আবেদন খারিজ করা হলো। তবে পরিদর্শক লিয়াকতের আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন জানিয়েছেন, এ বিষয়ে তারা পুনরায় উচ্চ আদালতে আবেদন করবেন।