গণফোরামে পালটাপালটি বহিষ্কার অকার্যকর ----------------ড. কামাল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:২৭

দুই ভাগে বিভক্ত হয়ে পড়ার ঘটনায় সাম্প্রতিক সময়ে গণফোরামে পালটাপালটি সব বহিষ্কারকে ‘অকার্যকর’ বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। গতকাল রবিবার এক বিবৃতিতে ড. কামাল এই ঘোষণা দিয়ে বলেন, সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল-বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল হবে।

আলাপ-আলোচনার মাধ্যমে বিভক্ত দলকে ঐক্যবদ্ধ করতে ড. কামাল সম্প্রতি উদ্যোগ নেন। এজন্য গত ১২ ডিসেম্বর একটি পক্ষের যে কাউন্সিল করার কথা ছিল সেটি ১১ নভেম্বর স্থগিত করা হয়। ঐ দিন গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক বিবৃতিতে বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে গণফোরামের ঐক্যবদ্ধ কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে ১২ ডিসেম্বরের কাউন্সিল স্থগিত করা হলো।

সম্প্রতি তীব্র দলীয় কোন্দলের জের ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে দলটি। দলটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং সাবেক দুই নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ তাদের অনুসারীরা ২৬ ডিসেম্বর পৃথক কাউন্সিলের ঘোষণা দেন। ঘটে পালটাপালটি বহিষ্কারের ঘটনাও।