চাঁদের পাথর নিয়ে বৃহস্পতিবার পৃথিবীতে ফিরছে চীনের চন্দ্রযান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:২৭

চীনের চন্দ্রযান চাঁদের দুই কেজি পাথর নিয়ে পৃথিবীতে ফিরে আসছে। আগামী ১৭ ডিসেম্বর চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এটি অবতরণ করবে। গত ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের বুক থেকে নুড়ি-পাথর-মাটির নমুনা সংগ্রহ করতে ১ ডিসেম্বর চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযানটি। গতকাল রোববার চীনের জাতীয় মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান শেষে চাঁদের কক্ষপথ থেকে ২২ মিনিটে বের হয় চার ইঞ্জিনের চন্দ্রযান ‘চ্যাং-৫’। আলজাজিরা জানায়, বাকি মহাকাশযান থেকে পৃথক হওয়ার পর ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে আগামী ১৭ ডিসেম্বর চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবতরণ করবে। চ্যাং-৫ চাঁদের দূরপ্রান্তের ওশেনাস প্রসেলারাম এলাকায় অবতরণ করেছিল। আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে প্রবাহিত লাভা দিয়ে এই বিশাল সমতল এলাকা গঠিত। এর আগে এই অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। চ্যাং-৫ চাঁদের পুরো এক দিন (পৃথিবীর ১৪ দিন) যাবত্ দুই কিলোগ্রাম (৪.৪ পাউন্ড) নমুনা সংগ্রহ করে। এর আগে সর্বশেষ ১৯৭৬ সালে রাশিয়ার মহাকাশযান লুনা-২৪ চাঁদের মাটির নমুনা এনেছিল। নতুন নমুনা বিজ্ঞানীদের চাঁদের বিরল এলাকা সম্পর্কে জানতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। মহাকাশ নিয়ে চীনের আরো প্রকল্প রয়েছে। চাঁদে মানুষ পাঠানো এবং চাঁদে স্থায়ী ঘাঁটি স্থাপনসহ নানা পরিকল্পনা রয়েছে চীনের।