করোনার প্রকোপ কমলে সোহরাওয়ার্দী উদ্যানে হবে বইমেলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:৩০

ভাচুর্য়ালি নয়, বইমেলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানেই। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মাসব্যাপী অনুষ্ঠিত হবে বইমেলা। সেই দিন তারিখ এখনো ঠিক হয়নি। পরিস্থিতি অনুকূল হওয়ার পর বাংলা একাডেমি ও প্রকাশকরা মিলিতভাবে বইমেলা আয়োজনের দিন তারিখ ঠিক করবে বলে জানা গেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ইত্তেফাককে বলেন, করোনার ঝুঁকি থাকায় নির্দিষ্ট সময়ে বইমেলা হচ্ছে না। করোনার প্রকোপ কমে এলেই বইমেলার আয়োজন করা হবে। প্রকাশকদের সঙ্গে বসে সে সিদ্ধান্ত নেওয়া হবে। বইমেলা আয়োজনের জন্য পূর্বপ্রস্তুতির প্রয়োজন হয়। সে জন্য কমপক্ষে দুই মাস আগে কাজ শুরু করতে হয়।

গত কয়েক দিন ধরেই অমর একুশে বইমেলা হবে কি হবে না—ঘুরপাক খাচ্ছিল সেই আলোচনা। মেলার আয়োজক বাংলা একাডেমিও জনস্বার্থ বিবেচনায় বইমেলা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেই প্রেক্ষাপটে মুখে মুখে রটে গিয়েছিল—এবার আর বইমেলা সরাসরি হবে না। ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে একুশে গ্রন্থমেলা।  অবশেষে কেটে গেছে সেই শঙ্কার মেঘ। এর আগে  গত ১০ ডিসেম্বর  মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে ২০২১ সালের অমর একুশে বইমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন লেখক, প্রকাশক থেকে সাধারণ পাঠক।

এ পরিস্থিতিতে গতকাল রবিবার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠকে বসেন প্রকাশকদের দুই সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতৃবৃন্দ। বৈঠক শেষে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, আসন্ন অমর একুশে গ্রন্থমেলা বাতিলের কোনো সিদ্ধান্ত  হয়নি।

এ বিষয়ে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ভার্চুয়াল নয়, লেখক, প্রকাশক ও পাঠকদের সরাসরি উপস্থিতিতেই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। আমরা দুই সমিতির নেতৃবৃন্দ মিলে বৈঠক করে মেলার আয়োজনের সুনির্দিষ্ট তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেব। সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি মেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে। আমাদের উভয় সমিতির বৈঠকে মেলার তারিখের বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে। এর পর তারিখসহ পুরো প্রস্তাবনা বাংলা একাডেমি কর্তৃপক্ষকে লিখিতভাবে পাঠানো হবে।

এদিকে, রবিবার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত একটি প্রস্তাবনাপত্র সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিঠিটি সংস্কৃতিসচিব বরাবর পাঠানো হয়েছে। সে প্রস্তাবনায় একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, ‘সম্প্রতি দেশে কোভিড-১৯ মহামারি পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২১ সাময়িক স্থগিত করা হলো। পরিস্থিতির উন্নতি হলে উপযুক্ত সময়ে বাংলা একাডেমি বইমেলার আয়োজন করবে।