সম্মতি ছাড়া পুত্রের খতনা করায় অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর জিডি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:৩৭

সম্মতি ছাড়াই সাত বছরের ছেলে আরশ রহমানের সুন্নতে খতনা করায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়ারি করেছেন তার সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিম। শনিবার রাতে তিনি গুলশান থানায় এই সাধারণ ডায়ারি করেন (নম্বর ৮১৮, ১২/১২/২০) ।

২০১৯ সালের অক্টোবরে সিদ্দিকুরের সঙ্গে মারিয়া মিমের বিচ্ছেদ হয়। এর পর থেকে সন্তান আরশ রহমান মা ও বাবার কাছে আদালতের নিয়মেই থাকছিল। জিডির আগে খতনার বিষয়টি নিয়ে ফেসবুকে মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি তাকে দিয়ে আসলাম। একটু আগে ফোন দিল, তখন শুনতে পাচ্ছি ছেলে কাঁদছে। কান্নার কারণ জানতে চাইলে সিদ্দিক জানায় তাকে খতনা করিয়ে দিয়েছে। ও তো আমারও ছেলে। ওকে নিয়ে সিদ্দিক একার সিদ্ধান্তে  যা খুশি করতে পারে না। এটা তো একটা ক্রাইম।’ মিম আরো লিখেছেন, ‘কোর্টের অর্ডার আছে, বাচ্চা সকালে যাবে এবং সন্ধ্যায় চলে আসবে। আর সেখানে সে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল?’

ঘটনার এক দিন পর গতকাল রবিবার মুখ খুলেছেন অভিনেতা সিদ্দিক। তিনি গণমাধ্যমকে বলেন, বাবা হিসেবে ছেলের সুন্নতে খতনা করানো আমার দায়িত্ব। এটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নত পালনের  জন্য যদি আমার শাস্তি হয় তবে তা মেনে নেব।’

তবে সিদ্দিকুরের প্রতি মিমের অভিযোগ, ‘তিনি বাচ্চার ভরণপোষণ দেন না। ওর বাসায় বাচ্চা অসুস্থ হয়ে গেলে আমার বাসায় পাঠায়, আমি যেন ডাক্তার দেখিয়ে দেই। বাচ্চাকে স্কুলে ভর্তি যখন করাতে হয়, ফি দিতে হয় তখন আমাকে ফোন দেয় যেন আমি দিয়ে দেই। সবকিছু যখন আমাকেই দিতে হচ্ছে তখন আমি মনে করি না বাচ্চার ওপর তার যা খুশি করার অধিকার আছে।’

উল্লেখ্য, প্রেম করে ২০১২ সালের মে মাসে মিমকে বিয়ে করেন সিদ্দিকুর। পরের বছর ছেলের জন্ম হয়। স্বাধীনতায় হস্তক্ষেপ ও পরকীয়ায় আসক্তির অভিযোগ এনে গত বছর সিদ্দিককে ডিভোর্স দেন মিম।