দিল্লি-জয়পুর মহাসড়ক অবরোধ কৃষকদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:৪০

ভারতে সরকারের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-জয়পুর মহাসড়ক অবরোধ করতে ট্রাক্টর র্যালি করেছেন কৃষকরা। গতকাল রবিবার ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই মহাসড়কে দলে দলে সমবেত হন কৃষকরা। আজ সোমবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অনশনেরও ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা। শনিবার গুড়গাঁও ও হরিয়ানাতে কৃষকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে সেখানে ৪ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। একইদিনে দিল্লি ও আগ্রার মূল মহাসড়ক অবরোধ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকে আরো জোরালো করার ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা। —এনডিটিভি