করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা গ্রহণ না করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অনুরোধ করা হয়।
বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের ব্যানারে করা এ সংবাদ সম্মেলন বলা হয়, দেশে এখনো করোনা ভাইরাসের প্রকোপ চলছে। এই ভাইরাসে প্রতিনিয়ত শিক্ষানবিশ আইনজীবী ভাই-বোনরা আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় বার কাউন্সিল আগামী ১৯ ডিসেম্বর এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষার আয়োজন করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষা মওকুফের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সরাসরি মৌখিক পরীক্ষা গ্রহণ করে শিক্ষানবিশ আইনজীবীদের মেধা যাচাইয়ের দাবি জানায় তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ফজলে রাব্বী স্মরণ। এসময় অন্য শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলন শেষে বার কাউন্সিল চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেয় শিক্ষানবিশ আইনজীবীরা। সেখানেও করোনাকালে লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।
