আওয়ামী লীগ বিএনপি দুটি দলই জাপাকে জবাইয়ের ষড়যন্ত্র করেছে --- জিএম কাদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০০:৫৪

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই জাপাকে জবাই করতে ষড়যন্ত্র করেছে। কিন্তু জাপা টিকে আছে। সারা দেশেই জাপার সমর্থক আছে। আগামীদিনে জাপাই দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে। তিনি গতকাল রবিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

জিএম কাদের বলেন, জাপাই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি। বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জামিনে আছেন, নেতৃত্ব সংকট আছে দলটিতে। রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছেনা বিএনপি। আবার আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। কেউ ইচ্ছা করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে জাপাই হচ্ছে রাজনীতির একমাত্র প্ল্যাটফর্ম। তিনি বলেন, এরশাদ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করেছে। কিন্তু সাধারণ মানুষের বিবেচনায় জাপার শাসনামলে দেশে সুশাসন ছিল। দেশের মানুষ এখন এক বুক প্রত্যাশা নিয়ে জাপার দিকে তাকিয়ে আছে।

সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই তাদের সংগঠন আছে। জাপার প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমামের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. কে.আর. ইসলাম, এডভোকেট লিয়াকত আলী খান, সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ।