খুলনায় স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত্যা মামলায় আসামি মো. রনি হাওলাদার (১৯) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। এ মামলার চার্জশিটভুক্ত অপর আসামি জসিম (১৫) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচার কাজ চলছে।
নিহত স্কুলছাত্রী শিমলা রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। দণ্ডপ্রাপ্ত আসামি মো. রনি হাওলাদার পার্শ্ববর্তী গোয়ালবাঁধান গ্রামের রবিউল হাওলাদারের ছেলে।
আরো পড়ুন: পাপিয়া দম্পতি ৩ দিনের রিমান্ডে
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোয়ালবাঁধান গ্রামের রনি হাওলাদার ও তার সহযোগী জসিম পরিকল্পিতভাবে স্কুলছাত্রী শিমলাদের বাড়িতে এসে তাকে ধারালো হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে ফেলে যায়। শিমলার বাবা-মা শ্রমিকের কাজ করার কারণে ওই সময় তারা বাড়িতে ছিলেন না। পরে সরোয়ার হোসেন কর্মস্থল থেকে বাড়িতে ফিরে তার মেয়ে শিমলাকে রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠানে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহত শিমলার পিতা সারোয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক গোলাম রসুল ২০১৭ সালের ৩০ আগস্ট রনি হাওলাদার ও জসিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে ২৩ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মো. এনামুল হক
ইত্তেফাক/এএএম
