গফরগাঁওয়ে অপহৃত স্কুলছাত্রী ১৪ দিনেও উদ্ধার হয়নি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের ১৪ দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

১ ডিসেম্বর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। 

উপজেলার ধোপাঘাট গ্রামের বাসিন্দা স্থানীয় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শরিফ মিয়া (৩২) ও তার লোকজন তাকে অপহরণ করে বলে অভিযোগ। অপহৃত ওই ছাত্রীর বাড়ি ধোপাঘাট গ্রামে। সে শিবগঞ্জ বি, দাস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত কিছুদিন পূর্বে শরিফ মিয়া ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে কোনো সাড়া না পেয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে অপহৃত ছাত্রীটির পরিবার রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেয় শরিফ মিয়া। ১ ডিসেম্বর ওই ছাত্রী বিদ্যালয়ে যায় অ্যাসাইনমেন্ট জমা দিতে। পরে বাড়ি ফেরার পথে শরিফ ও তার লোকজন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান।

ওই স্কুলছাত্রীর মা সেলিনা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি।

ছাত্রীর মা বলেন, বখাটে শরীফ আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিলে আমরা রাজি না হওয়ায় সে মোবাইলে আমার মেয়েকে অপহরণের হুমকি দেয়। অপহরণকারীর পরিবার মামলা তুলে না নিলে না কি মেয়েকে কোনো দিনও দেবে না বলে হুমকি দিচ্ছে।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ‘এ ঘটনায় মামলা হওয়ার পর ওই ছাত্রীকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে  উদ্ধার করা যাবে।’                       

ইত্তেফাক/জেডএইচ