রাজশাহীর চারঘাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৭

রাজশাহীর চারঘাটে ৭০ বছরের বৃদ্ধ মানছুর রহমানকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে মানছুরের গলা কাটা লাশ পাওয়া যায় বলে শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুদ জানান। তবে কারা এবং কেনো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

পুলিশ জানায়, নিহত মানছুর রহমান উপজেলার শলুয়া ইউপির দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার প্রকৌশলী ছেলে ঢাকায় চাকরি করেন এবং মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন।

ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জানান, নিহত মানছুর রহমানের স্ত্রী কয়েক দিন পূর্বে ঢাকায় তার ছেলের বাসায় বেড়াতে যান। এজন্য তিনি নিজ বাড়িতে একাই ছিলেন। রবিবার রাতে কাজের বুয়া মেইন গেট তালা দিয়ে বাড়িতে চলে যায়। রাত প্রায় সাড়ে ৮টার দিকে বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা কাজের বুয়াকে ডেকে আনে। তারা তালা খুলে দেখে বাড়ির ভেতর গলা কাটা অবস্থায় মানছুর পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।  

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত নয়। তারা জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মানছুর রহমানের প্রকৌশলী ছেলে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মেয়ের সাথে কথা বলে থানায় হত্যা মামলা ও লাশ দাফনের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/এএএম