এইচএসসি পরীক্ষার প্রস্তুতি:জীববিজ্ঞান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:২৯

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি, পরীক্ষা সামনে রেখে সবাই পড়াশোনায় নিবিড় মনোনিবেশ

করেছো। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথমপত্রের  ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা- বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করবো, যা ২০২১ সালের অভিন্ন প্রশ্নপত্রের এইচ.এস.সি সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সৃজনশীল প্রশ্ন:শফিক সাহেব ভেজা মাটি থেকে একটি উদ্ভিদ A এবং ভেজা দেয়াল থেকে একটি উদ্ভিদ B তুলে এনে দেখলেন,  A উদ্ভিদটির মূল, কাণ্ড নেই, তবে থ্যালাস আছে। কিন্তু B উদ্ভিদটি মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। উভয় উদ্ভিদেই  ফুল হয় না।

(ক) সোরাস কী ?                                           ১

(খ) ফার্ন প্রোথেলাস সহবাসী কেন ?                    ২

(গ) উদ্দীপকের A উদ্ভিদটির নাম ও বৈশিষ্ট্য লেখ।   ৩

(ঘ) B উদ্ভিদটি A উদ্ভিদ থেকে উন্নত কেন ? ব্যাখ্যা করো।                                                       ৪

প্রশ্নোত্তর:(ক) সোরাস: Pteris উদ্ভিদ পরিণত বয়স্ক হলে এর পত্রকের নিম্নতলের দুই কিনারা বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জিয়াম উত্পন্ন হয়। স্পোরাঞ্জিয়ামগুলো গুচ্ছাকারে অবস্থান করে এবং এই স্পোরাঞ্জিয়ামগুচ্ছকে সোরাস বলে।

(খ) উত্তর: যখন কোনো জীবদেহে একই সঙ্গে পুং ও স্ত্রী জননাঙ্গ উপস্থিত থাকে তখন তাকে বলা হয় সহবাসী জীব। ফার্ন স্পোর অঙ্কুরিত হয়ে হূদপিণ্ডাকার প্রোথেলাস তৈরি হয়। এই ফার্ন প্রোথেলাসে পুং জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম তৈরি হয়। একই অঙ্গে পুং এবং স্ত্রী জননাঙ্গের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে ফার্ন প্রোথেলাস সহবাসী।

(গ) উত্তর:উদ্দীপকের A উদ্ভিদটি হলো ব্রায়োফাইটা বিভাগের- Riccia 

Riccia - বৈশিষ্ট্য:

১. উদ্ভিদদেহ গ্যামেটোফাইটিক।

২. থ্যালাস সবুজ, শায়িত, বিষমপৃষ্ঠ ও শাখাযুক্ত।

৩. থ্যালাসের অঙ্কীয়দেশে এককোষী রাইজয়েড ও বহুকোষী শুল্ক থাকে।

৪. স্পোরোফাইটিক দশা সরল প্রকৃতির এবং গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল।

৫. এদের দেহে কোনো পরিবহন টিস্যু নেই।

৬. এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত নয়।

৭. স্পোরোফাইটিক দশা ক্যাপসুলে আবদ্ধ।

(ঘ) উত্তর:B উদ্ভিদটি হলো টেরিডোফাইটা বিভাগের Pteris এবং A উদ্ভিদটি হলো ব্রায়োফাইটা বিভাগের Riccia । উক্ত উদ্ভিদ দুটির মধ্যে B উদ্ভিদটি (Pteris), A উদ্ভিদটি (Riccia) থেকে উন্নত ধরনের। কারণ- Pteris উদ্ভিদটি মূল , কাণ্ড ও পাতায় বিভেদিত।  Riccia উদ্ভিদটি মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়।  Pteris উদ্ভিদটি  ডিপ্লয়েড প্রকৃতির। Riccia উদ্ভিদটি হ্যাপ্লয়েড প্রকৃতির। Pteris উদ্ভিদটিতে সুষ্পষ্ট পরিবহন টিস্যুতন্ত্র উপস্থিত যা Riccia তে অনুপস্থিত। Pteris উদ্ভিদ দেহ জটিল প্রকৃতির। Riccia-র দেহ সরল প্রকৃতির। Pteris এর দেহ বিভিন্ন ধরনের টিস্যু দ্বারা গঠিত, Riccia- র দেহ কেবলমাত্র প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।

উপরোক্ত আলোচনা হতে এটা স্পষ্ট হয় যে, B উদ্ভিদটি A উদ্ভিদ থেকে উন্নততর।