উপকথা

কাশ্মীরের লোককাহিনি বাদাম ও কুমড়ো

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৩০

অনেক দিন আগের কথা। ভারতের কাশ্মীর রাজ্য। সেই রাজ্যে ছিল এক খুঁতখুঁতে লোক। কোনো কিছুতেই তার মন ভরে না। একদিন এলোমেলো হেঁটে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। জিরোবার জন্য একটি বাদামগাছের তলায় বসে। তখনই মস্ত এক কুমড়োগাছ লোকটির চোখে পড়ে।

খেপাটে লোকটা আনমনে বলে, ‘হায় স্রষ্টা, কী অদ্ভুত সব গাছ! অত বড় গাছে কত ছোট্ট বাদাম! ওদিকে এমন সরু গাছে মস্ত বড় কুমড়ো ঝুলছে। বড় গাছে কুমড়ো আর ছোট গাছে বাদাম জন্মালেই বরং ভালো হতো। তবেই তো সৃষ্টির সৌন্দর্য!’

লোকটার মুখের কথা তখনও ফুরোয়নি। বাদামগাছের মগডাল থেকে আচমকা একটি বাদাম তার মাথায় পড়ে।

নিমিষেই লোকটা ভুল শুধরে বলে, ‘স্রষ্টাই ঠিক! অত উপর থেকে বিশাল কুমড়ো মাথায় পড়লে নির্ঘাত মারা যেতাম। পৃথিবীতে স্রষ্টার সৃষ্টিই সবচেয়ে ভালো।’

রূপান্তর :কুতুব আজাদ

অলংকরণ :অবিনাশ আচার্য