আলজাজিরা
সৌদি আরবের জেদ্দা সমুদ্রবন্দরে ‘বহিরাগত বস্তু’র আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে যুদ্ধরত ইয়েমেনি বিদ্রোহীরাই ট্যাংকারটিতে হামলা চালিয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো এর দায় স্বীকার করেনি।
গতকাল সোমবার এক বিবৃতিতে সিঙ্গাপুরভিত্তিক শিপিং কোম্পানি হাফনিয়া জানিয়েছে, রবিবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় বাহ্যিক বস্তুর আঘাতে বিডব্লিউ রাইন ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। ক্রুরা আগুন দ্রুত নিভিয়ে ফেললেও ট্যাংকারের বেশ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের ২২ জন নাবিকের সবাই অক্ষত রয়েছেন। বিবৃতিতে হাফনিয়া আরো জানায়, বিস্ফোরণের কারণে ট্যাংকার থেকে কিছুটা তেল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়। কারণ যান্ত্রিক পরিমাপকে তেলের স্তর আগের মতোই দেখাচ্ছে। গত ৬ ডিসেম্বর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বিডব্লিউ রাইনে প্রায় ৬০ হাজার টন গ্যাসোলিন তোলা হয়েছিল। বর্তমানে ট্যাংকারটির ৮৪ শতাংশ পূর্ণ রয়েছে।
