কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণে সম্মত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৮

বিবিসি

অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণে একমত হয়েছে নিউজিল্যান্ড। এই চুক্তির আওতায় আগামী বছরের প্রথম দিকে দুই দেশের মধ্যে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন। তবে বহু কাঙ্ক্ষিত এই চলাচল নির্ভর করবে উভয় দেশের করোনা পরিস্থিতির ওপর।

গত অক্টোবর থেকে নিউজিল্যান্ডবাসী কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াই অস্ট্রেলিয়ার যে কোনো রাজ্যে প্রবেশ করতে পারেন। এ পর্যন্ত এই শর্ত ছিল একমুখী। অর্থাত্ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড ফিরে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হতো। কিন্তু অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডে ঢুকতে পারতেন না কেউ, শুধু ব্যতিক্রম ছাড়া। তবে আশার কথা হলো, নতুন চুক্তিতে সেই নিষেধাজ্ঞা আর থাকছে না। প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা এই দুই দেশের মধ্যকার চলাচলের কথা জানালেও নির্দিষ্ট করে দিনক্ষণ বলেননি। এছাড়া চুক্তিতে অস্ট্রেলিয়ার সরকারের সই করার প্রয়োজন রয়েছে কি না তা নিশ্চিত করে বলেননি। সারা বিশ্বে তাণ্ডব চালালেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।