জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৩

ইত্তেফাক ডেস্ক

সারা দেশে শহিদ বুদ্ধিজীবী দিবসে যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল : শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. আতিউর রহমান। এর আগে জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল সাড়ে ৯টায় ববির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

রংপুর : সকাল সাড়ে ১০টায় মহানগরীর সুরভী উদ্যানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত নাম ফলকে শ্রদ্ধা জানিয়েছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠন নানা আয়োজনে পালন করছে দিবসটি। শহিদদের উদ্দেশে সশস্ত্র সালাম নিবেদন করা হয়। বিউগলে বেজে উঠে করুণ সুর।

খুলনা : খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনে অনলাইন জুম প্রযুক্তি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সংগঠন পৃথক আলোচনাসভার আয়োজন করে। এর আগে রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর গল্লামারী শহিদ স্মৃতিসৌধ্যে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক  অর্পণ করে।

রাজশাহী : গতকাল বেলা ১১টায় ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতিসৌধের উদ্বোধন করেন জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের পুত্র রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র লিটন ও রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ মুক্তিযোদ্ধারা। এ সময় শহিদদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সিলেট : নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুমিল্লা : গতকাল সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালসহ শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাগেরহাট : সকাল ৯টায় শহরের ডাকবাংলো ঘাটের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের উদ্দেশে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পাবনা : সকাল ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শহীদ এম মনসুর আলী কলেজ মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

নরসিংদী : নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জয় বাংলা চত্বরে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে ভার্চুয়াল প্ল্যাটফরম আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ : সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুর্বণ অহংকার  চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।

পঞ্চগড় : শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ৭১-এর বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে সকাল ৯টায়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ : পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও গার্ড অব অনারের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মেহেরপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাগুরা : শহরের চৌরঙ্গীমোড়ে প্রেসক্লাবের সামনে বুদ্ধিজীবীদের হত্যার বিচারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ইবি (কুষ্টিয়া) : মোমবাতি প্রজ্বালন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালীর দুমকি, লক্ষ্মীপুরের কমলনগর, বরগুনার বামনা, কুষ্টিয়ার দৌলতপুর, টাঙ্গাইলের মির্জাপুর, কুড়িগ্রামের নাগেশ্বরী, ফরিদপুরের সালথা, গোপালগঞ্জের কোটালীপাড়া, দিনাজপুরের বিরামপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, শরীয়তপুরের গোসাইরহাট, নড়াইলের লোহাগড়া, পাবনার চাটমোহর, চট্টগ্রামের চন্দনাইশ, নেত্রকোনার মদন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, চাঁদপুরের কচুয়া, গাইবান্ধার পলাশবাড়ী, বরিশালের আগৈলঝাড়া, কুমিল্লার তিতাস, মৌলভীবাজারের কমলগঞ্জ, পটুয়াখালীর দশমিনা, নীলফামারীর ডিমলা, বরিশালের মুলাদী, ঝিনাইদহের হরিণাকুণ্ড, ঝালকাঠির রাজাপুর, জয়পুরহাটের পাঁচবিবি, নওগাঁর নিয়ামতপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ময়মনসিংহের ত্রিশাল, নান্দাইল ও কুড়িগ্রামের চিলমারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।