শুভ সিকদার, রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের পশ্চিম নেতা ও গণ্ডাদুলা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া রুপাই খালের ওপর নির্মিত এলজিইডির আওতাধীন সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দেখা গেছে, সেতুতে ভাঙা অংশ দিয়ে রড বেরিয়ে আছে। লোহার কাঠামোতে মরিচা ধরেছে। রাতের বেলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেল পার হলেও সেতুটি কেঁপে ওঠে। ছয় গ্রামের মানুষকে ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হতে হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫-৯৬ সালে রুপাই খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কয়েক বছর আগে একবার সেতুটি সংস্কার করা হয়েছিল, কিন্তু আবার সেতুটির দুই অংশে ভেঙে যায়।
পশ্চিম নেতা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হিরন বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হয়। কিন্তু একটা মোটরসাইকেল উঠলেই সেতুটি থরথর করে কেঁপে ওঠে। রাতের বেলায় অসতর্কতায় অনেক পথচারী প্রায়ই আহত হয়। ঐ স্থানে একটি নতুন সেতু দরকার। গণ্ডাদুলা এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাহমিদা সুলতানা বলেন, করোনার আগে এই ঝুঁকিপূর্ণ সেতুর দক্ষিণপার থেকে প্রায় ৮৫ জন শিক্ষার্থী এই স্কুলে আসা-যাওয়া করত। ক্লাস শুরু হলে আবার শিক্ষার্থীদের ঐ সেতু পারাপার হতে হবে। কিন্তু সেতুটি সংস্কার না হলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ বলেন, ‘বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব।’ উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, দুটি প্রকল্পে ওখানে একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে । ইতিমধ্যে সয়েল টেস্ট ও মাপ শেষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনগুরুত্বপূর্ণ ঐ সেতুর বিষয়ে এলজিইডিকে অবহিত করা হয়েছে।
