কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৬

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীতে গতকাল সোমবার বিকেল ৩টা পর্যন্ত ঘন কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। উত্তরের শীতল হাওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ফুলবাড়ী ঢেকে যাওয়ায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি সাধারণ মানুষ। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ছিল জনশূন্য। সড়কগুলো কুয়াশাচ্ছন্ন থাকায় ফুলবাড়ী-দিনাজপুর, ফুলবাড়ী-বগুড়া, ফুলবাড়ী-ঢাকা, ফুলবাড়ী-রংপুরসহ বিভিন্ন স্থানের চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দূরপাল্লার এবং জেলা পর্যায়ে চলাচলকারী বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী শূন্য ছিল।