শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৭

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত অনুভব হচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। তবে এর উলটো চিত্র ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। কাজের আশায় রাস্তার ধারে গোল করে বসে থাকছেন তারা। সোমবার সকালে ইমারতশ্রমিক রাশেদুল হক ও শহিদুল আলম বলেন, ‘কাজের আশায় শীতের মধ্যে বসে আছি। সকাল ৯টা বাজে, এখনো কেউ ডাকেনি। কাজ না পেলে না খেয়ে থাকতে হবে।’ ইউএনও মেহেদী হাসান জানান, এতিম ও ছিন্নমূল মানুষের তালিকা করে তাদের মধ্যে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে।