খুলনা অফিস
খুলনায় স্কুলছাত্রী শিমলা খাতুন (১৪) হত্যা মামলায় আসামি মো. রনি হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলার চার্জশিটভুক্ত অপর আসামি জসিম (১৫) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তার বিচারকাজ চলছে। নিহত স্কুলছাত্রী শিমলা রূপসা উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। দণ্ডপ্রাপ্ত আসামি মো. রনি হাওলাদার পার্শ্ববর্তী গোয়ালবাঁধান গ্রামের রবিউল হাওলাদারের ছেলে।
আদালত ও মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর রাতে রনি হাওলাদার ও তার সহযোগী জসিম পরিকল্পিতভাবে স্কুলছাত্রী শিমলাদের বাড়িতে এসে তাকে ধারালো হাঁসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে ফেলে যায়। পরে শিমলাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত শিমলার বাবা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
