সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:২৮

নেত্রকোনায় হাম-রুবেলার টিকা পাচ্ছে ৬ লাখ শিশু

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৯ মাস থেকে ১০ বছর বয়সের পূর্ব পর্যন্ত শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। নেত্রকোনা পৌরসভায় এ কার্যক্রম উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি। সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, ছয় সপ্তাহব্যাপী জেলায় ৫ লাখ ৯৭ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে।

গোপালগঞ্জে অবৈধ তিন ইটভাটা বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে সোমবার অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজেয়াপ্ত করা হয় ঐ তিন ভাটার মালামাল। গোপালগঞ্জ সদর উপজেলার চরতালা গ্রামের অবৈধ মেসার্স এমএসবিআই ব্রিকসেক ১ লাখ ৯০ হাজার টাকা, সুলতানশাহী গ্রামের আরআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও পুকুরিয়া গ্রামের এসকেবি ব্রিকসেক ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেন। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং শুরু

সাতক্ষীরা প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের সাতক্ষীরায় স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। সোমবার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে করোনা ভাইরাস সচেতন করার জন্য র্যালি, মাক্স ও লিফলেট বিতরণের মাধ্যমে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি।

কমিউনিটি সচেতনতা উপলক্ষ্যে আলোচনাসভা

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা দুমকি উপজেলায় কমিউনিটি সচেতনতা উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় লেবুখালী ইউনিয়ন পরিষদসংলগ্ন ঈদগাহ মাঠে এক সভা অনুষ্ঠিত হয়েছে। লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্আলম আকনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম।

প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের দায়ে ৫ জনের জরিমানা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় পাঁচ ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে হাতিয়া উপজেলা সদরস্থ ওছখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন। এ সময় জরিমানার সঙ্গে সঙ্গে সব ব্যবসায়ীকে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান

গোপালগঞ্জ প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ চক্ষু রোগীকে বিনা মূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সোমবার গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী  ক্যাম্প করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা করে ওষুধ সরবরাহ করেছে। চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ হাসপাতালের চিকিত্সক, নার্সরা এ সেবা প্রদান করেন।

নারী-শিশু নির্যাতন রোধে মতবিনিময়

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের সহযোগিতায় রবিবার বিকালে মানব পাচার, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী।