১৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। এতে গত ১৬ মাসের মধ্যে ডিএসইর প্রধান সূচক সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। মূল্য সূচকের বড় উত্থান হলেও দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেনের শুরুতে শেয়ার ও ইউনিটের দাম কমলেও দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪৭ পয়েন্টে উঠে এসেছে। এর ফলে ২০১৯ সালের ২৭ আগস্টের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৬৬টি এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।