বিকাশ ব্যাংকিংয়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অতি দ্রুততার সঙ্গে দেশের (বিশ্বের) এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো অত্যন্ত সহজ। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা যেমন কিছুটা সহজ হয়েছে, তেমনি অনেকেই প্রতারণারও শিকার হচ্ছে—যা সত্যিই দুঃখজনক। লক্ষ করলে দেখা যায়, অনেক সময় বিকাশ গ্রাহকদের ফোন নাম্বারে প্রতারক চক্র ফোন দিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক কথা বলে। যেমন—আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে কিংবা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের বলে দেওয়া কোডগুলো ডায়াল করলে কিংবা আমাদের বলে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করলে আপনার অ্যাকাউন্টটি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। ফলে কিছু গ্রাহক প্রতারক চক্রের কথায় বিশ্বাস করে তাদের বলে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী কাজ করে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ প্রতারণার বেশি শিকার হয়। শেষে দেখা যায়, গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই প্রতারক চক্রটি টাকা তুলে নিয়েছে। এর ফলে গ্রাহককে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বিষয়টির প্রতি লক্ষ রেখে গ্রাহকদের সতর্ক হওয়া জরুরি। সেইসঙ্গে ঐ প্রতারণা বন্ধে কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা এবং প্রতারকদের আইনের আওতায় আনা। তাহলে অন্য কেউ আর এমন ঘৃণিত কাজ করতে সাহস পাবে না। বিষয়টি অতীব জরুরি।
মো. আবদুর রহমান
শিক্ষার্থী, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
