রূপগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১২

নিরাপত্তাহীনতায় পরিবার

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবোতে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা তুলে নিতে ঐ এলাকার শাহা সরদারের ছেলে ও মামলার প্রধান আসামি আব্দুল মতিনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। এ ব্যাপারে অভিযোগ করলেও নীরব ভূমিকায়  রূপগঞ্জ থানাপুলিশ।

মামলার বাদী সুলতানা আক্তার বলেন, এলাকার আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে ক্ষিপ্ত হয়ে গত ১১ অক্টোবর আব্দুল মতিনের নেতৃত্বে পাঁচ/ছয় সদস্যের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাধা দিলে সুলতানা আক্তারকে মারধর এবং শ্লীলতাহানি করে। হামলাকারীরা টাকা ও স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।  সুলতানা আক্তার বাদী হয়ে আব্দুল মতিনসহ পাঁচ  জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, মামলার তদন্ত চলছে। শিগগিরই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।