রোনালদোর ৪০০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৭

পেলের আরো কাছে মেসি

 স্পোর্টস ডেস্ক

সময়টাই এমন, লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামছেন যখনই রেকর্ডও পায়ে এসে লুটিয়ে পড়ছে সঙ্গে সঙ্গে। বার্সা অধিনায়ক একমাত্র গোলটা করে দলকে জেতালেন লেভান্তের বিপক্ষে, চলে এলেন পেলের এক ক্লাবে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে এক গোল দূরত্বে। রোনালদোর জোড়া গোলে জিতল জুভেন্তাস, তাতে ক্যারিয়ারে ৪০০তম লিগ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন রোনালদো, চলতি শতাব্দীতে এমন কীর্তি নেই আর কারো।

মেসির বার্সা শুরু থেকেই ছিল বেশ স্বচ্ছন্দ, শুধু গোলের দেখাটাই পাচ্ছিল না। লুই সুয়ারেজ চলে যাওয়ার পর থেকে এমন দৃশ্য অবশ্য খুবই চেনা কাতালানদের। ম্যাচের ৭৫ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে করা গোলেই তাই নিশ্চিত হয় দলের জয়।

এই গোলে পেলের কাছাকাছি তো চলে এসেছেনই, আরেকটা ছোট্ট রেকর্ডও হয়েছে মেসির। গোলটি ছিল বার্সার দশ নম্বর জার্সিতে তার ৬০০তম, এক ক্লাবের একই জার্সি পরে এর চেয়ে বেশি গোল নেই আর কারো।

এদিকে রোনালদো অনন্য এক কীর্তি গড়েছেন রবিবার রাতে। জোড়া গোল করে জেনোয়ার বিপক্ষে জুভেন্তাসকে এনে দিয়েছেন ৩-১ ব্যবধানের জয়। তাতে ক্যারিয়ারের ৪০০তম লিগ জয়ের স্বাদও পেয়েছেন রোনালদো। চলতি শতাব্দীতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ। এ তালিকার দ্বিতীয় স্থানে অবধারিতভাবেই আছেন লিওনেল মেসি, বার্সার জার্সি গায়ে তিনি জিতেছেন ৩৬৬ ম্যাচ। এরপর আছেন রোনালদোরই সতীর্থ জিয়ানলুইজি বুফন, যিনি ক্লাব ক্যারিয়ারের ৩৫০তম জয়টা তুলে নিয়েছেন রবিবার রাতে।