নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
নিকলীর দামপাড়া-সিংপুর সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অসংখ্য গর্তে ভরে গেছে। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গেছে। গাড়ি চলাচল করার সময় চারদিকে ধূলাবালু উড়ছে। এ সময় স্থানীয় নজরুল মিয়া, সামছুল হক, জসিম উদ্দিন ও বাবুল মিয়া জানান, সড়কটি দিয়ে সদর ও দামপাড়া ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন আসা-যাওয়া করে। চলাচল করে মোটর সাইকেল, রিকশা, অটোরিকশা ও ট্রাক। সড়কের পাশের অধিকাংশ বাসিন্দাই কৃষক। সড়ক ভাঙা থাকায় তাদের উত্পাদিত পণ্য পাশের হাট-বাজারে নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় আলীয়াপাড়া গ্রামের বাসিন্দা খোকন মিয়া বলেন, আট-দশ বছর ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
এই সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ আলী ও কলিম উদ্দিন জানান, এ সড়ক দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। ধূলাবালুর কারণে যাত্রীরা বিরক্তিবোধ করেন। খানাখন্দে পড়ে অনেক সময় গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। সড়কটি জরুরিভিত্তিতে সংস্কার করা দরকার।
দামপাড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, সড়কটি সংস্কার করা হয়েছিল প্রায় এক যুগেরও বেশি সময় আগে। সড়কটি দিয়ে দুই ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ চলাচল করে।
সিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের কাছে আবেদন করা হয়েছে। তিনি সড়কটি সংস্কারের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ আঃ রহমান মুহিম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজনকে কষ্ট সহ্য করে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য সড়ক সংস্কারের ব্যাপারে জরুরি ভিত্তিতে প্রকল্প তৈরির জন্য বলেছেন। তাই অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আশা করছি কিছু দিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।
