সব পরাশক্তির হোঁচট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:১৮

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

আগের দিন ম্যানচেস্টার ডার্বি ড্র হয়েছে, চেলসি হেরেছে এভারটনের কাছে। তিন বড় দলের পয়েন্ট খোয়ানোর সপ্তাহে এগিয়ে যেতে পারতো টটেনহাম হটস্পার্স এবং লিভারপুল। কিন্তু ক্রিস্টাল প্যালেস এবং ফুলহামের বিপক্ষে দুই দলই  ১-১ গোলে ড্র করে বসায় টেবিলের শীর্ষে আসেনি কোনো পরিবর্তন। বুধবার রাতে মুখোমুখি হচ্ছে টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা স্পার্স ও লিভারপুল।

গত তিন ম্যাচে ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনালের বিপক্ষে ক্লিনশিট রাখা হ্যারি কেইনরা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও শুরু করেছিল স্বভাবজাত ভঙ্গিমাতেই। ২৩ মিনিটেই হিউয়েন মিন সনের পাস থেকে কেইনের গোল। এরপর বাকি ম্যাচ বসে থেকে যখন আরেকটি ১-০ গোলের জয় ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন জোসে মরিনহো, তখনই অঘটন ঘটায় স্পার্স গোলরক্ষক হুগো লরিস। ৮১তম মিনিটে ইবেরেচি ইজের সাধারণ একটি ফ্রিকিক তালুবন্দি করতে ব্যর্থ হলে সেই বলে পা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান উইঙ্গার জেফ্রি স্লুপ। ওদিকে ক্রেভান কটেজে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। টেবিলের শেষ তিনে থাকা ফুলহাম প্রথমার্ধে ববি রিডের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে যখন চ্যাম্পিয়নদের হারানোর স্বপ্ন দেখছিল দীর্ঘ ৯ মাস পর মাঠে ফেরা ফুলহাম সমর্থকরা, তখনই বিতর্কিত এক হ্যান্ডবলে পেনাল্টি খোয়ায় কটেজাররা। ৭৯ মিনিটের সেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মোহামেদ সালাহ। ম্যাচের আগে নাবি কেইটার ইনজুরির খবর পাওয়া লিভারপুলের ইনজুরি তালিকায় যুক্ত হয়েছে আরো এক নাম। প্রথমার্ধেই পিঠে চোট পাওয়া ডিফেন্ডার মাতিপ দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি। লিভারপুলে এ নিয়ে ইনজুরির জন্য দল থেকে বাইরে থাকা সিনিয়র ফুটবলারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৩ জন।