স্পোর্টস রিপোর্টার
ফুটবলের নতুন মৌসুমের দলবদল তথা খেলোয়াড় রেজিস্ট্রেশনের আজ শেষ দিন। ১ নভেম্বর শুরু হয়েছিল। এতো দিন কোনো দলের খবর ছিল না। এখন শেষ দিনে এসে ক্লাবগুলো তাড়াহুড়া করে খেলোয়াড়দের নাম এবং চুক্তিপত্র জমা দিচ্ছে। পরশু শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলোয়াড় রেজিস্ট্রেশন করে। গতকাল দুপুরে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দলবদল করে। আর বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন আনসারী জানিয়েছেন রবিবার শেখ জামাল, সোমবার বসুন্ধরা কিংস ছাড়াও উত্তর বারিধারা ক্লাব এবং পুলিশ খেলোয়াড় তালিকা জমা দিয়েছে। তিনি জানিয়েছেন আজকের মধ্যে বাকি ক্লাবগুলোকেও তালিকা জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এবার করোনার কারণে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন নতুন অধিনায়ক তপু বর্মণকে নিয়ে বাফুফে ভবনে গিয়েছিলেন। বসুন্ধরা কিংস আগামী বছর এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে। আর এবারের মৌসুমেও তাদের টার্গেট পরের বছরের এএফসি কাপ নিশ্চিত করা। লিগের ১৩ দলের মধ্যে কোনো দল সবচেয়ে শক্তিশালী? বসুন্ধরার কোচ বললেন, ‘মাঠের পারফরম্যান্স বলে দেবে।’ ব্রাজিলিয়ান ফার্নান্ডোজ, রবসন, আর্জেন্টিনার রাউল টোরেস এবং এশিয়ান কোটায় ইরানী খালেদ খেলবেন। এছাড়াও ইংল্যান্ডে জন্ম বাংলাদেশি বংশোদ্ভূত মাহাদী নামের একজন ফুটবলারকে নিয়েছে বসুন্ধরা। কোচ অস্কার মাহাদীকে নিয়ে আশাবাদি। এই কোচ বললেন, ‘আমরা ফরেন প্লেয়ার এনেছি তবে দেশি ফুটবলারদের তুলনায় আমরা শক্তিশালী।’
নতুন অধিনায়ক তপু বর্মন বললেন, ‘অধিনায়ক হয়ে বাড়তি চাপ মনে করছি না। কারণ আমি শুরু হতেই চ্যাম্পিয়ন দলে খেলার অভ্যাস করেছি। সংকটে থাকা মুক্তিযোদ্ধা ফেডকাপের জন্য ফ্রেঞ্চ লিগে খেলা ক্যামেরুনের ক্রিশ্চিয়ানা বেকামেঙাকে ঢাকায় এনেছে। ক্যামেরুনের জাতীয় দলের এই ফুটবলার শুধু ফ্রান্স নয় চিনেও খেলেছেন।
এ দলের ম্যানেজার আরিফুল ইসলাম জানান, ক্রিশ্চিয়ানা ২০১৬ সালে ক্যামেরুনের জাতীয় দলে ছিলেন। সর্বশেষ খেলেছেন তুরস্কের ফুটবল লিগে।
