স্পোর্টস ডেস্ক
তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডকে আবারও ব্যাটিংয়ে নামানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কিন্তু তা আর হলো কই? গতকাল তার আগেই স্বাগতিকদের ইনিংস ও ১২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেন বোলাররা।
ওয়েলিংটনে ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে দিন শুরু করা ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের বিস্বাদ পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। ৬০ রান করে অপরাজিত থাকা হোল্ডার এদিন মাত্র ১ রান যোগ করেই ফিরে যান। টেল এন্ডারদের নিয়ে কোনো মতে দলের রান ৩০০ পার করেন অভিষিক্ত জশুয়া ডি সিলভা (৫৭)। পান ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখাও। কিন্তু ইনিংস হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না সেটি। শেষ ৪টি উইকেট ভাগাভাগি করে ক্যারিবিয়ানদের ৩১৭ রানেই অলআউট করেন টিম সাউদি ও নিল ওয়াগনার। প্রথম ইনিংসে চাপের মুখে ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছে কিউই ব্যাটসম্যান হেনরি নিকলস। দুই ম্যাচে ১১ উইকেট ও ৭১ রান নিয়ে সিরিজ সেরা হয়েছেন স্বাগতিক পেসার কাইল জেমিসন।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৪৬০। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৩১। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ফলো অনের পর) ৭৯.১ ওভারে ৩১৭/১০ (হোল্ডার ৬১, জশুয়া ৫৭; সাউদি ৯৬-২, বোল্ট ৯৬-৩, জেমিসন ৪৩-২, ওয়াগনার ৫৪-৩)।
ফল : নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী।
