২৪ ঘণ্টায় মৃতের ২৫ জনই ঢাকার বাসিন্দা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম বিভাগের, এক জন করে মোট দুই জন রাজশাহী ও সিলেট বিভাগের এবং তিন জন খুলনা বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৮৯ জনের মধ্যে ৩ হাজার ৮৬৩ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪১৯ জন রাজশাহী বিভাগের, ৫১১ জন খুলনা বিভাগের, ২৩১ জন বরিশাল বিভাগের, ২৭৯ জন সিলেট বিভাগের, ৩১৮ জন রংপুর বিভাগের এবং ১৫৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৯ জন। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৯৪৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছে, তাদের মধ্যে ২৭ জন পুরুষ আর নারী ১০ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, আট জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।