কাপ্তাইয়ে সেনাবাহিনীর টহল দলে সশস্ত্র সন্ত্রাসী হামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫১

রাঙ্গামাটির কাপ্তাইয়ে টহলরত সেনাসদস্যদের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এ সময় সেনাবাহিনীর পালটা গুলিতে বিল্টন চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গত রবিবার মধ্যরাতে রাঙ্গামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সেনাবাহিনী টহল দেওয়ার সময় আকস্মিকভাবে সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণ করে। পরে নিজেদের রক্ষায় পালটা গুলি ছোড়েন কাপ্তাই জীবতলী আর্মি ক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়নের সদস্যরা।

এ সময় বিল্টন চাকমা (৪৮) নামের এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তার সহযোগী অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভোররাতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার যৌথ বাহিনী টহল জোরদার করেছে।