গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা

পৌর মেয়র কারাগারে ইউপি চেয়ারম্যান সাসপেন্ড

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যার মামলায় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার ময়মনসিংহ বিচারিক আদালতে হাজির হয়ে সৈয়দ রফিকুল ইসলাম জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুভ্র হত্যা মামলায় ৫ নভেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান রফিকুল ইসলাম। মাসুদুর রহমান শুভ্র আসন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে প্রচারণায় ছিলেন। গত ১৭ অক্টোবর রাতে পৌর শহরের পানমহালে একদল সন্ত্রাসী শুভ্রসহ তার দুই সহযোগীকে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে ঐদিন রাতে শুভ্রর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ নাম উল্লেখ ১৪ জন ও অজ্ঞাত সাত-আট জনের বিরুদ্ধে মামলা করে। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, উচ্চ আদালতের নির্দেশে শুভ্র হত্যা মামলার আসামি সৈয়দ রফিকুল ইসলাম আদালতে হাজির হলে বিচারক জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুভ্র হত্যা মামলায় পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান রিয়াদসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, মামলার প্রধান আসামি মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ শুভ্র হত্যা মামলায় জেলহাজাতে থাকায় তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।