পাঁচ দিনের ব্যবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আবারও ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ একটি জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে আনুমানিক ১০ ফুট মাটির নিচ থেকে বোমাটি উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম্বা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীসময়ে বোমাটি ধ্বংস করার উদ্দেশে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। এর আগে গত ৯ ডিসেম্বর একই স্থানে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়।
