চট্টগ্রাম সিটির ভোট ২৭ জানুয়ারি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৩

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। গত ১৬ ফেব্রুয়ারি ঘোষিত তপশিল অনুযায়ী গত ২৯ মার্চ এই ভোট হওয়ার কথা ছিল। ১২ দিন ধরে প্রার্থীদের প্রচার-প্রচারণার পর করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২১ মার্চ ভোট গ্রহণ স্থগিতের ঘোষণা দেয় কমিশন।

গতকাল সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন। তিনি জানান, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে এই ভোট গ্রহণ করা হবে। যেহেতু আগে ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন। যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে, সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থীর মৃত্যুজনিত কারণে চট্টগ্রাম সিটির ৩০, ৩৭ ও ৪০ নম্বর সাধারণ ওয়ার্ড এবং ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের জন্য নতুন করে তপশিল দেওয়া হয়েছে। এই চার ওয়ার্ডের আগ্রহী নতুন প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৩১ ডিসেম্বর বাছাই হবে এবং ৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাত জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ জন প্রার্থী রয়েছেন।

গত ৫ আগস্ট মেয়াদ শেষে বিদায় নেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ৪১ জন সাধারণ ওয়ার্ডের ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর। এর আগেই অবশ্য সরকার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটির প্রশাসক হিসেবে ১৮০ দিনের জন্য দায়িত্ব দেন। ৬ আগস্ট সুজন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। আগামী ৫ ফেব্রুয়ারি চসিক প্রশাসকের মেয়াদ শেষ হচ্ছে।