চারঘাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৩

রাজশাহীর চারঘাটে মানছুর রহমান নামের ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গত রবিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে নিজ বাসভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মানছুর রহমানের একমাত্র প্রকৌশলী ছেলে ঢাকায় চাকরি করেন এবং মেয়ে শম্পা খাতুনের স্বামী আলতাব হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের প্রভাষক। মানছুর রহমানের স্ত্রী কয়েক দিন আগে ঢাকায় তার ছেলের বাসায় বেড়াতে যান। এজন্য তিনি বাড়িতে একাই ছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ভেতরে ঢুকে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে নিহতের ছেলে মিজানুর রহমান একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাচীর টপকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।