জিন্নাতুল বাকিয়া ছবি স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেনের সহধর্মিণী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার ম্যানেজার (অপারেশন) ও ভাইস প্রেসিডেন্ট জিন্নাতুল বাকিয়া ছবির স্মরণে গতকাল সোমবার যশোরের অভয়নগর উপজেলার এক্তারপুর ফারাজী বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশ নেন।

জিন্নাতুল বাকিয়া ছবি কিডনি প্রতিস্থাপন করার জন্য ১৫ সেপ্টেম্বর দিল্লি যান। ২২ অক্টোবর দিল্লি অ্যাপোলো হসপিটালে তার কিডনি প্রতিস্থাপন করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ২৮ অক্টোবর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। কিন্তু ১১ নভেম্বর তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। আট দিন পর থেকে তার অক্সিজেন কমতে থাকে। ১৯ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ডিসেম্বর তার করোনা নেগেটিভ হয়। কিন্তু এরপর থেকে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে এবং নানা জটিলতা দেখা দেয়। অ্যাপোলো হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় ১১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। ১২ ডিসেম্বর মধ্যরাতে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। রবিবার এক্তারপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।