তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ভোট ৩০ জানুয়ারি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২২:৫৪

আগামী ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি। গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন, এ ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, ইভিএমে স্বল্পতা আছে। তাছাড়া একটা নির্বাচন থেকে অন্য নির্বাচন করতে গেলে এগুলো কাস্টমাইজ করতে হয়। সেই কাস্টমাইজের জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। যেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য আমাদের হাতে সময় একদমই নেই। তাই ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন শেষ করে তিন-চার দিনের মাথায় অন্য জায়গায় দেওয়া এবং সেটাকে কাস্টমাইজ করে, পরীক্ষানিরীক্ষা করা সম্ভব হবে না। যার জন্য তৃতীয় ধাপের নির্বাচনে বাধ্য হয়েই ব্যালটের মাধ্যমে করা হচ্ছে।

৩০ জানুয়ারি যে ৬৪ পৌরসভায় ভোট—গাইবান্ধার গবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ, সিলেটের গোলাপগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার লাকসাম, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ, শরীয়তপুরের জাজিরা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়ডাঙ্গার দর্শনা, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, বগুড়ার নন্দীগ্রাম, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, টাঙ্গাইলের মধুপুর, শরীয়তপুরের নাড়িয়া, বরগুনার বরগুনা ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন, শেরপুরের নালিতাবাড়ী, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের নড়াইল, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ীর পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের ভালুকা, গৌরীপুর ও ত্রিশাল, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, টাঙ্গাইলের টাঙ্গাইল ও মির্জাপুর, বরিশালের মেহেন্দিগঞ্জ, কুমিল্লার বরুড়া, নোয়াখালীর চৌমুহনী, শরীয়তপুরের ভেদরগঞ্জ, ভোলার দৌলতখান, নীলফামারীর জলঢাকা, পাবনার পাবনা, বগুড়ার শিবগঞ্জ, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম, টাঙ্গাইলের ভুয়াপুর ও সখিপুর পৌরসভা।

গত ২২ নভেম্বর প্রথম ধাপে  ২৫টি পৌরসভার তপশিল ঘোষণা করে ইসি। ঘোষিত তপশিল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোটের তপশিল দেয় কমিশন। এতে মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। এই ধাপে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।