লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই চলছে উপজেলা নির্বাচনের প্রস্তুতি। সরকারের গ্রিন সিগন্যাল পেলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণার মধ্য দিয়ে ধাপে ধাপে শুরু হবে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এদিকে এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে বিধায় প্রার্থীদের দেখা যাচ্ছে অনেকটা কৌশলী মনোভাবে।
দিন বদলের হাওয়ায় সাধারণ মানুষের মনোভাব অনেকটা পাল্টে যাচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি, শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশ এবং মানুষের ভাগ্যোন্নয়নের জন্য যিনি কাজ করবেন তাকেই লক্ষ্মীছড়ি উপজেলার অভিভাবক হিসেবে বেছে নেবেন এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।
লক্ষ্মীছড়ি উপজেলায় কে হচ্ছেন সম্ভাব্য প্রার্থী এমন জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। অনেকে অবশ্য প্রার্থী হওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দিলেও আবার কেউ মুখ খুলতে নারাজ। সময় এখনো আসেনি, পরে বলবো, অবস্থা বুঝে বলবো, যদি সমর্থন পাই তাহলে নির্বাচন করবো এমন তথ্যই এ প্রতিনিধির অনুসন্ধানে উঠে এসেছে। তবে প্রকৃত পক্ষে কারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আসছেন সেজন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।
এদিকে দলীয় সমর্থন কিংবা আঞ্চলিক দলের সমর্থন নেওয়ার জন্য অনেকেই আড়ালে চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আলোচনায় উঠে আসছে এমন কিছু প্রার্থীর মধ্যে রয়েছেন আত্মগোপনে থাকা বর্তমান উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান ও সাবেক প্রয়াত উপজেলা চেয়ারম্যান রবি ভূষণ চাকমার মেয়ে দেবরানী চাকমা, সাবেক লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, চাথোয়াই অং মারমা আপ্রুসি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান নিলবর্ন চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা, সাবেক আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, সাবেক দুল্যাতলী ইউপি চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লেলিন কুমার চাকমা (কালেন্দ্র) ও সাবেক বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান প্রতুল চাকমা।
অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ঠিকাদার আবুল কালাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম, ইউসিসিএলি চেয়ারম্যান দ্বীপান্তর চাকমা রাজু, সাবেক ইউপি মেম্বার চাইলা প্রু মারমা, হেডম্যান কার্বারী অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি অসিম চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সুনীতি কবামার চাকমার ছেলে রতন বিকাশ চাকমা, ৮০নং দুরছড়ি মৌজার হেডম্যান রিটন চাকমা, রতন বিকাশ চাকমা ও উচাই প্রু মারমার নাম আলোচনায় এসেছে।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বর্তমান দুল্যাতলী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং উপজেলা মহিলা লীগের সভানেত্রী কাজল আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সুনীতি কুমার চাকমার মেয়ে সুমনা চাকমা ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য মেরিনা চাকমা। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ বা প্রকাশ্যে আবার কেউ গোপনে প্রস্তুতি নিচ্ছেন।
