যথাযোগ্য শ্রদ্ধা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার চট্টগ্রামে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন আলোচনাসভায় বক্তারা বলেন, আজও বুদ্ধিজীবীরা স্বাধীনতাবিরোধীদের রোষানলের শিকার হচ্ছেন। সারা দেশে স্বাধীনতাবিরোধীরা নানা অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এম রেজাউল করিম চৌধুরী, হাসান মাহমুদ হাসনী, নোমান আল মাহমুদ প্রমুখ। সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে ৩ নম্বর জেটি গেটে দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া এতে সভাপতিত্ব করেন।
এদিকে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চবি শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শহিদ বুদ্ধিজীবী দিবসে তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের দেখানো পথ ধরে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। শহিদ বুদ্ধিজীবী দিবসের ভার্চুয়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. নাঈম আবদুল্লাহ, স্কুল অব ল-র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, সহকারী ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আসিফ ইকবাল।
