দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে সরকার দলীয় সংসদ সদস্য হাজি মো. সেলিমের আপিল পুনঃশুনানির জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই দিন ধার্য করে দেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর হাজি সেলিমের অবৈধ সম্পদ অর্জনের মামলার নথি (এলসিআর) তলব করে হাইকোর্ট। ঐ আদেশের পর গত সপ্তাহে ঢাকার বিশেষ জজ আদালত থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলার নথি আসে। এরপরই আপিলের ওপর পুনঃশুনানির জন্য দিন ধার্য করে দেয় আদালত। এ সময় দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান ও হাজি সেলিমের পক্ষে সাঈদ আহমেদ রাজা উপস্থিত ছিলেন।
অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল হাজি সেলিমকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। এরপর তার আপিলের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট বিশেষ আদালতের সাজার রায় বাতিল করে দেয়। আপিল করে দুদক। ঐ রায়ে আপিলের ওপর পুনঃশুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ।
