মুলাদী উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০০:৩০

মারধর ও পিস্তল ঠেকিয়ে বরিশালে এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বরিশাল রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী রাহুল চৌধুরী। অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার তেরচর এলাকার রাহুল চৌধুরী খেজুরতলা থেকে তার মোটরসাইকেলের গ্যারেজের ব্যবসা মুলাদী শহরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদ জুয়েলের দোকানে স্থানান্তর করেন। এই সুযোগে জুয়েল রাহুলকে দিয়ে মাদক বিক্রিতে বাধ্য করায় রাহুলের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের পরামর্শে রাহুল গ্যারেজের ব্যবসা বাদ দিয়ে কাঠের ব্যবসায় মনোযোগী হন। এতে জুয়েল ক্ষিপ্ত হন ও ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন এবং গত ২৬ অক্টোবর রাতে জুয়েল ও তার সহযোগী অভি বাসা থেকে ডেকে নিয়ে জুয়েলের অফিস কক্ষে রাহুল চৌধুরীকে মারধর করেন। একই সঙ্গে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাহুলের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান। বিষয়টি অন্য কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে জুয়েল জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ঘটনার তদন্ত চলছে।