ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের অনশন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০০:৩৯

ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা গতকাল দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। কৃষকরা জানিয়েছেন, যত ক্ষণ না নতুন আইন বাতিল হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। কৃষকদের অনশনের সমর্থনে গতকাল পুরো দিন অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। কেজরিওয়ালের সঙ্গে অনশনে সামিল হন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। তিনি টুইটার বার্তায় লেখেন ‘উপবাস করা স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনারা যে যেখানেই থাকুন না কেন, দয়া করে আমাদের কৃষক ভাইদের সমর্থনে উপবাস শুরু করুন। তাদের এই আন্দোলনের সাফল্য কামনায় দোয়া করুন। তারা নিশ্চয়ই জয় পাবে। কৃষকদের সমস্যা সমাধান না করলে অনশনে বসবেন আন্না হাজারে। ভারতের কৃষিমন্ত্রীকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন প্রবীণ এই সমাজসেবক। —ইন্ডিয়ান এক্সপ্রেস