বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন সাবেক ১০১ জন সচিব। সাবেক সচিবদের পক্ষে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও সাবেক প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুকে অবমাননা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অবমাননার শামিল। ভাস্কর্য-শিল্প তথা সাংস্কৃতিক স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থানকারী মৌলবাদের মূলোত্পাটনের উদাত্ত আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়ে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। স্বাধীন বাংলাদেশের প্রতিটি স্পন্দনে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। আমাদের অস্তিত্বের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, একটি স্বার্থান্বেষী, সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য শিল্পের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং তার ভাস্কর্যের অবমাননার অপচেষ্টা করছে। শুধু তাই নয়, তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে, যা কেবল ধৃষ্টতা নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার নামান্তর। আমরা বিশ্বাস করি, এই সাম্প্রদায়িক মৌলবাদী ও উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী ’৭৫-এর ঘাতকদের দোসর। আমরা অবিলম্বে এই ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডে যুক্ত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।’
বিবৃতিতে সাবেক সচিবরা আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ও স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনলগ্নে স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী অপশক্তির এই সংস্কৃতিবিরোধী ও রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড বাংলাদেশের অব্যাহত অগ্রগতির অভিযাত্রাকে ব্যাহত করার একটি পরিকল্পিত অপচেষ্টা। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সচেতন ভূমিকা প্রত্যাশা করছি।
