১৫ হাজার পিস ইয়াবা বড়ি রাখার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রাশেদুল ইসলাম নামের একজনকে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর অতিরিক্ত সপ্তম দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলে, ৯ জন সাক্ষীর মধ্যে সাত জনই আদালতে সাক্ষী দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আসামি রাশেদুল ইসলামকে দোষী সাব্যস্তক্রমে তার বিরুদ্ধে আনীত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ দণ্ড ১৫ বছরের সাজা দেওয়া হলো। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুবর রহমান ও আসামিপক্ষে ছিলেন মুহিবুর রহমান মাহবুব।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, আসামি রাশেদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত্ যুবসমাজকে ধ্বংস করার জন্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
