বড় সময়ের জন্য ছিটকে যেতে পারেন নেইমার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬

পিএসজির হারের দিনে আরো বড় শঙ্কা দেখা দিয়েছে দলে। প্রাণভোমরা নেইমার যে মাঠ ছেড়ে গেছেন চোট নিয়ে! গোড়ালির চোটে কদিন মাঠের বাইরে থাকতে হবে, তা নিয়ে অপেক্ষা এখন পিএসজির।

রবিবার রাতে নেইমারের পিএসজি জেনোয়ার মাঠে যখন ১-০ গোলে পিছিয়ে, তখনই ঘটল ঘটনাটা। ব্রাজিলীয় তারকাকে বাজে ফাউল করে বসলেন স্বদেশি থিয়াগো মেন্দেস। তাতে চোট পেয়ে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন নেইমার। পিএসজির হার নিশ্চিত হয় এর পর মুহূর্তেই। মাঠে যতদূর দলীয় ডাক্তাররা পর্যবেক্ষণ করেছেন, তাতে গোড়ালিতে মোচড়ের ব্যাপারটা নিশ্চিতই হয়ে গেছে।

শুরুতে রবিবার রাতেই স্ক্যান করানোর কথা থাকলেও পরে ডাক্তারদের পরামর্শে একরাত সময় পান নেইমার। গতকাল স্থানীয় সময় সকালে হাসপাতালে যাওয়ার কথা তার যেখানে জানবেন চোট কতটা গুরুতর। মচকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত হলেও লিগামেন্ট ছিঁড়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। সেটা হলে মৌসুমটাই শেষ হয়ে যাওয়ার শঙ্কা প্রবল।