সফলতার কারণ বললেন মাশরাফি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৮

মুস্তাফিজের উইকেটটি পাওয়ার পর ইমরুল কায়েস মাশরাফি বিন মর্তুজাকে হাত উঁচিয়ে জানিয়ে দিলেন, এটা তার পঞ্চম উইকেট। যা তিনি নিজেও জানতেন না। তবে এমন সফলতার কারণ কি? নড়াইল এক্সপ্রেস জানালেন, আলাদা বা বিশেষ তেমন কিছুই না। তিনি শুধু ভালো জায়গায় বল করে গেছেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেট তুলে নেন মাশরাফি। এই টুর্নামেন্টের প্রথম অংশে খেলতে পারেননি তিনি। সবমিলিয়ে প্রায় ৯ মাস পর গত ৮ ডিসেম্বর বাইশ গজে ফেরেন নড়াইল এক্সপ্রেস। জানালেন, কাজটা তার জন্য মোটেও সহজ ছিলো না, 'সফলতার পেছনে কোনো রহস্য নেই। শুধু ভালো জায়গায় বল করে যাওয়া, এটাই। গত আট-নয় মাস ক্রিকেটের বাইরে। কাজটা আমার জন্য মোটেও সহজ ছিলো না '

মাশরাফি বলছেন, ভালো জায়গায় টানা বল করে যাওয়াই তার প্রধান অস্ত্র। আত্মবিশ্বাসের সাথে এটাই করে আসছেন দীর্ঘদিন থেকে, 'শুধু নিজের জায়গায় বল করে যাওয়া। আমি এটাই করে আসছি অনেক বছর ধরে। যা আমার আত্মবিশ্বাসের একমাত্র কারণ বলা যায়। ঠিক জায়গায় বল করে যেতে পারি। বাকি যা হওয়ার তা তো হবেই।'

ইত্তেফাক/টিআর