গজারিয়ায় ট্রাক চাপায় নারী পথচারী নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় রাবেয়া আক্তার বিউটি (৩১) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। তিনি গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত. ফজলুল হক মেম্বারের মেয়ে। তিনি বর্তমানে স্বামী মুস্তাফিজুর রহমানের সাথে একই উপজেলার চরবাউশিয়া বড়কান্দি এলাকায় অবস্থিত আনোয়ার সিমেন্ট শির্ট কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করেন। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে ভবেরচর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার হওয়ার সময় কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময় কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউল ইসলাম মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.সালাহ্ উদ্দিন জানান, ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/কেকে