বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত দশজন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

উখিয়া (কক্সবাজার):শুক্রবার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার জাদিমোরা এলাকায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত কিশোর নিহত হয়েছে। পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে ভ্যানচালক চট্টগ্রামের বুসপুর থানার বৈদ্যার হাট ভাঙ্গাদীঘির পাড় গ্রামের মো. মাহমুদুল আলমের ছেলে মো. ইয়াছিনকে আটক করে।

সেনবাগ (নোয়াখালী):বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের গোপালপুকুর পাড় এলাকার সোলেমান সিএনজি পাম্পের সামনে ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর দু’জন আহত হয়েছেন। নিহত যুবক শেখ জহিরুল ইসলাম প্রকাশ কচি(৩৫)।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা:বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসামে বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত ও চালকসহ অপর তিন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও মুসলিম পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে ইদ্রিস বাবুর্চি(৫৫) ও লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি আমতলি এলাকার আবদুল মতিনের ছেলে আল আমিন(৩৫)।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, শুক্রবার সকালে সাতক্ষীরার তালা সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী বাবুলাল রায়(৫৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত নন্টোলাল রায়ের ছেলে।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাদুল্লাপুর উপজেলার দছরের কোলায় প্রাইভেট কারের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। এরা হলো বাইসাইকেল আরোহী আল-মামুন(১৫) ও মিলন মিয়া(১৬)।

সাদুল্লাপুর থানার ওসি আরশেদুল হক জানান, ঘাতক প্রাইভেট কারটি আটক করে সাদুল্লাপুর থানায় আনা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।

নড়াইল: শুক্রবার বিকালে নড়াইল-যশোর সড়কের ভাঙ্গুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে বাস চালক নিহত হয়েছেন। তার নাম মোস্তফা মোল্যা(৫০)। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় শুক্রবার সিএনজি অটোরিকশার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. সুমন(৩০)। তিনি উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

কিশোরগঞ্জ: শুক্রবার কিশোরগঞ্জে ট্রাক্টরের চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। তার নাম সফি মোয়াজ্জেম লাদেন(১৩)। সে জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার কিতাব ক্লাসের ছাত্র। দুঘর্টনায় অপর একজন আহত হয়েছে।