পতাকা আমার প্রাণের পতাকা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

নাসির আহমেদ

 

পতাকা আমার প্রাণের পতাকা দুলছো হাওয়ায়, দোলো

গাঢ় সবুজের হূদয়ে রক্ত-সূর্যের উদ্ভাসে;

তুমি জং-ধরা প্রাচীনতা ভেঙে আলোর দুয়ার খোলো

তোমার প্রভায় মুছে যাক গ্লানি মা যেন আমার হাসে।

 

বিজয়ের এই রৌদ্রের বিভা স্মৃতির আয়না যেন

এখনো ঘাতক খুনিরা মায়ের সবুজ জমিনে হাঁটে !

এখনো অন্ধ-বধির দানব মাতৃভূমিতে কেন !

উত্তরহীন ক্ষোভে ফোঁসে মাটি, কষ্টে বুকটা ফাটে।

 

একুশ শতকে এখনো দেখবো খুনির আস্ফাালন ?

এখনো দেখতে হবে আফগানি আলখাল্লার ঢেউ !

লাখো শহিদের করোটি ও কঙ্কালে যেন ক্রন্দন

 গুমড়ে উঠছে এ মাটিতে আজো তোমরা শোনো না কেউ?

 

কান্নার ধ্বনি-তরঙ্গে আমি কেঁপে কেঁপে উঠি আজো!

একাত্তরের মহাবীর পিতা আবার উঠুন জেগে ,

আবার বাজান যুদ্ধ-দামামা! বাজো দুন্দুভি বাজো !

হিংস  হায়না পশু তাড়ানোর ঝঞ্জা আসুক বেগে।

 

আজকে জাতির গৌরব আর কান্নায় ভেজা দিন

অন্ধকারের দেয়ালটা ভেঙে শোধো রক্তের ঋণ।